ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে আসা তরুণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই তরুণের নাম মো. রাকিব বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি গাজীপুরের একটি হত্যা মামলার আসামি হলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ বাদীপক্ষের।
মো. রাকিব গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার আবদুর রহিমের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সহপাঠীরা তাঁকে আহমেদ রাকিব নামে চেনেন। একই হত্যা মামলায় রাকিবের যমজ ভাই মো. সাকিবও আসামি। মামলাটি দায়েরের পর থেকে তাঁরা পলাতক থাকলেও ঢাকা ও আশপাশের এলাকায় বিভিন্ন সময় তাঁদের দেখা যাচ্ছে।

