বয়স ষাটের কোঠায় পৌঁছালেও বলিউডে শাহরুখ খানের রোমান্টিক আবেদন আজও অমলিন। এবার নতুন সিনেমা ‘কিং’-এর পোস্টারে অ্যাকশন লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন বলিউড বাদশা। পোস্টারে আগুনের শিখার মধ্য দিয়ে বন্দুক হাতে এগিয়ে আসতে দেখা যায় তাকে। ঠোঁটের কোণে গোলাপ আর সঙ্গে সংলাপ—‘খুনি নই, আমি প্রেমিক।’ শাহরুখের এই সংলাপ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তার মেয়ে সুহানা খান। এ ছাড়া রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ একঝাঁক তারকা।
নতুন পোস্টারে শাহরুখকে দেখা গেছে রুক্ষ ও ভয়ংকর অ্যাকশন অবতারে। এক হাতে বন্দুক, চারপাশে আগুন আর ঠোঁটে গোলাপ—এই বৈপরীত্য পোস্টারটিকে দিয়েছে আলাদা মাত্রা। তার সংলাপটি ভক্তদের মনে করিয়ে দিয়েছে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘বাদশাহ’ সিনেমার জনপ্রিয় গান ও শাহরুখের চিরচেনা রোমান্টিক ইমেজের কথা। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘বীর-জারা’র মতো সিনেমায় প্রেমিক চরিত্রে অভিনয় করে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
২০২৫ সালের ২ নভেম্বর শাহরুখের ৬০তম জন্মদিনে ‘কিং’ সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। প্রথম ঝলকে রুপালি চুলে ভয়ংকর অ্যাকশন লুকে দেখা গিয়েছিল তাকে। সেখানে তার সংলাপ ছিল, ‘আমি ভয় নই, আমি আতঙ্ক।’ পরে সিনেমাটির মুক্তির তারিখও জানানো হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আস্কএসআরকে’ প্রশ্নোত্তর পর্বে সিনেমাটির ট্রেলার প্রকাশে বিলম্বের বিষয়ে কথা বলেন শাহরুখ। এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি জানান, দর্শকদের অপেক্ষায় রাখার উদ্দেশ্য নেই। বরং ভালো সিনেমা উপহার দিতে পুরো দল কাজ করছে। তার ভাষায়, ‘এবার ছবিটাই দেখুন! আপনাদের অপেক্ষায় রাখছি না, ভালো একটা ছবি বানাচ্ছি, যাতে মন ভরে যায়। সবই আসবে ২৪ ডিসেম্বরের আগে।’
সিনেমাটির অন্যতম আকর্ষণ শাহরুখ ও সুহানা খানের প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে উপস্থিতি। ২০২৩ সালে ‘দ্য আর্চিজ’ দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছিল সুহানার। এবার বাবার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন তিনি।
‘পাঠান’-এর সাফল্যের পর আবারও পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে কাজ করছেন শাহরুখ। সিনেমার গল্প এখনো গোপন রাখা হলেও নতুন পোস্টারে অ্যাকশন ও রোমান্স

