চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের সাজিরপাড় এলাকায় ঢাকাগামী ‘আল-আরাফাহ পরিবহনের’ (ঢাকা মেট্রো-ব ১০-৭৬০৭) একটি বাস ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে গেছে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (১৮ মার্চ) ভোরে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের সাজিরপাড় এলাকায় রফিকুল ইসলামের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, সেহেরি খাওয়ার পর বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। এসময় খালে পড়ে যাওয়া বাসটিতে আগুন ধরতে দেখতে পান। খবর পেয়ে সাচার পুলিশ ও ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। তবে চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম ও তরিকুল ইসলাম বলেন, বাসটি ভোর রাতে ঈদের যাত্রী আনতে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়।

