নাটোরের গুরুদাসপুরে নাজিরপুর ইউনিয়ন যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজার (৪২) মাদক বিক্রির টাকা গোনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পর বুধবার (১৩ মে) গভীর রাতে উপজেলার হামলাইকোল এলাকা থেকে আদম ব্যবসায়ী বুলবুলের স্ত্রী রুমা আক্তার লাবনীসহ (৩৩) রেজাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ১৫১ ধারায় মামলা দেখিয়ে তাদের জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
রেজাউল করিম রেজা গুরুদাসপুর উপজেলার দৌলতপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
এদিকে নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কাজ করার অপরাধে সদস্য পদসহ দল থেকে যুবদল নেতা রেজাউল করিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

