দেশে ফেরা, চলমান মামলা ও নিরাপত্তা নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের জাতীয় দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দেশে ফিরতে আইনগত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এবং অন্তত একটি বিষয়ে দ্রুত সমাধানের আশা করছেন। দেশে ফেরার প্রক্রিয়া এখন কী অবস্থায় আছে এমন প্রশ্নে সাকিব জানিয়েছেন, বর্তমানে তার দেশে ফেরার প্রক্রিয়া খুব একটা এগোয়নি। তবে আইনজীবীদের মাধ্যমে যা যা করা সম্ভব, তা করা হচ্ছে।
তার ভাষায়, ‘কোনো অবস্থায় নেই। আমি আইনগতভাবে যা করা সম্ভব করছি।
আশা করি, অন্তত একটা বিষয় খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।’
নিজের বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা নিয়েও কথা বলেন সাবেক এই অধিনায়ক। সাকিবের ধারণা, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে, যদিও একটি মামলার ভেতরে একাধিক মামলা যুক্ত আছে।
মামলাগুলোর অগ্রগতি নিয়ে তিনি বলেন, বিষয়গুলো তার আইনজীবীরাই দেখছেন।

