হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে একই পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর ও ডাকাতির অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২০ অক্টোবর বানিয়াচং থানায় মামলাটি (নং-১৫) রেকর্ড করা হয়।
মামলার বাদী মনির মিয়া (৪৩) এজাহারে অভিযোগ করেন, গত ৮ অক্টোবর রাত ৮টা ১৫ মিনিটে মার্কুলী বাজারের দক্ষিণে একটি গাছ-বাগানে তাঁর ভাই ছাত্রদল নেতা নাদিম মিয়াসহ কয়েকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে একাধিক ব্যক্তি আহত হন। এ সময় স্বর্ণের চেইন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
মামলায় রুপন মিয়া, স্বপন মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২ জনকে আসামি করা হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মামলাটির তদন্ত করছেন বলে থানা সূত্রে জানা গেছে।

