দীর্ঘ জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে তেলুগু ঐতিহ্য অনুযায়ী সম্পন্ন হওয়া তাদের বিয়ের প্রথম ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এই নবদম্পতি। দক্ষিণী রাজকীয় সাজে আবেগঘন উপস্থিতিতে ধরা দেওয়া এই ‘বিরোশ’ জুটির ছবি মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।
তবে বিয়ের ছবি প্রকাশের পর নতুন করে আলোচনায় উঠে আসেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সামাজিক মাধ্যমে তাকে এবং অভিনেত্রী রাশমিকাকে ঘিরে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়তে দেখা যায়।
উল্লেখ্য, পূর্বে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা দক্ষিণী এই অভিনেত্রীর সৌন্দর্যের উদাহরণ টেনে তাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে উল্লেখ করেছিলেন। ভাইরাল হওয়া সেই বক্তব্যে তিনি বলেন, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে; আপনারা ইন্টারনেট ঘাঁটবেন, ১৫৭টি রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন ১ নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কী সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন।
সম্প্রতি বিজয়-রাশমিকার বিয়ের পর তাকে নিয়ে নতুন করে সমালোচনা শুরু হলে নিজের সমর্থকদের সংযত থাকার আহ্বান জানান এই সংসদ সদস্য। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাকে নিয়ে কোথাও কটু মন্তব্য করা হলে পাল্টা নেতিবাচক প্রতিক্রিয়া না দেখানোর জন্য।
তিনি লেখেন, সমালোচনার জবাবে খারাপ ভাষা ব্যবহার না করে বরং সৌজন্যমূলকভাবে বিষয়টি ব্যাখ্যা করা অথবা নীরব থাকা উত্তম। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে আসা নেতিবাচক মন্তব্যে তিনি বিচলিত নন। তার ভাষায়, সত্য শেষ পর্যন্ত বিজয়ী হবেই।
ভোররাতে দেওয়া ওই পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। কয়েক ঘণ্টার ব্যবধানে পোস্টটিতে হাজারো প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ার জমা হয়।

