সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড মূল্যের স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। এসব সম্পদের মধ্যে রয়েছে ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য জানান। এদিন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান যুক্তরাজ্যে অবস্থিত স্থাবর সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী এবং তাঁর সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআর থেকে ৯ সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মামলার ২৩ বস্তা আলামত উদ্ধার করা হয়েছে।
জব্দের সময় উদ্ধারকৃত নথিপত্রের একটি তালিকা যথাযথভাবে প্রস্তুত করা হয়।

