সংকটকালে উপসাগরীয় আরব দেশগুলোর পাশে না দাঁড়ানোয় বড় আরব ও ইসলামী দেশগুলোর সমালোচনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের একজন শীর্ষ কর্মকর্তা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ। খবর সিএনএনের
তিনি প্রশ্ন তোলেন, আমাদের জনগণ ও দেশগুলো যখন ইরানের বিশ্বাসঘাতক আগ্রাসনের মুখে, তখন আরব ও ইসলামী সহযোগিতা সংস্থাগুলো কোথায়? বিশেষ করে আরব লীগ এবং ওআইসি কী করছে?
একই সঙ্গে তিনি বড় আরব ও আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন। তার ভাষায়, এই অনুপস্থিতি ও অক্ষমতার প্রেক্ষাপটে পরে আরব ও ইসলামী বিশ্বের দুর্বলতা নিয়ে কথা বলা বা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা উপস্থিতির সমালোচনা করা গ্রহণযোগ্য নয়।
গারগাশ আরও বলেন, সমৃদ্ধির সময়ে উপসাগরীয় আরব দেশগুলো অন্যদের সহযোগিতা করেছে, কিন্তু এখন সংকটকালে সেই সমর্থন পাওয়া যাচ্ছে না। এর আগে তিনি সতর্ক করে বলেন, ইরানের হামলা উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের নিরাপত্তা অংশীদারিত্ব আরও জোরদার করবে। তিনি এটিকে ইরানের ভুল কৌশলের মূল্য বলেও উল্লেখ করেন।

