যশোরের কেশবপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত সংসদ সদস্য মো. মোক্তার আলীকে গালিগালাজের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তির নাম নাঈম হোসেন (৩৭)। তিনি খুলনা শহরের নিরালা এলাকার বাসিন্দা। সোমবার রাতে কেশবপুর শহর থেকে তাকে আটক করা হয় এবং পরদিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পুলিশের দাবি, আটক করার সময় তার গাড়ি থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা ও একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কেশবপুর প্রাণিসম্পদ হাসপাতালের সামনে নিজের গাড়ি রেখে ওষুধ কিনছিলেন সংসদ সদস্য মোক্তার আলী। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়িতে থাকা নাঈম হোসেন মদ্যপ অবস্থায় তাকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। উপস্থিত লোকজন এতে প্রতিবাদ করলে তিনি দ্রুত সেখান থেকে চলে যান।
পরে সংসদ সদস্যের অনুসারীরা কেশবপুর জামে মসজিদ এলাকায় ওই গাড়িটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করে এবং নাঈম হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং তার ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।

