পবিত্র মাহে রমজানে ঢাকা মহানগর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের এক সভায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, রোজার ১৩ দিন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বাকি দিনগুলোও যাতে শান্তিপূর্ণভাবে শেষ করা যায় সে বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে ডিএমপি সদর দপ্তরে মহানগর এলাকার ব্যাংক, শপিং মলগুলোর নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ইফতারের সময় রাজধানীতে যানজট তীব্র আকার ধারণ করে। নগরবাসী যাতে যথাসময়ে গন্তব্যে পৌঁছে ইফতার করতে পারেন সে জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ইফতারের সময় তাঁরা সড়কেই ইফতার করছেন, যাতে যান চলাচল নির্বিঘ্ন থাকে। তিনি বলেন, ফুটপাত ও সড়কের অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বাস চলাচলের সড়কে ব্যাটারিচালিত রিকশা যেন প্রবেশ করতে না পারে সে জন্য ট্রাফিক পুলিশ বিশেষ তৎপর রয়েছে।

