আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর। এই আসরে খেলবেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে সোমবার (২৩ মার্চ) সকালে দেশ ছেড়েছেন চার টাইগার ক্রিকেটার। রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম যাবেন পরে। প্রথম ধাপে পিএসএল খেলতে দেশ ছেড়েছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। পিএসএলে এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।
পরবর্তীতে পেসার শরীফুল ইসলাম এবং তানজিদ তামিমও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরীফুল এবং তানজিদ তামিমকে। এ ছাড়া মোস্তাফিজ ও পারভেজ ইমন লাহোর এবং রিশাদ গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি।
আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন বাংলাদেশের এই ৬ ক্রিকেটার। নিউজিল্যান্ড সিরিজ থাকায় এরপরই তাদের দেশে ফিরতে হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা।

