ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাকে লক্ষ্য করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সাম্প্রতিক হুমকির বিষয়ে তার লক্ষণীয় নীরবতার জন্য অবিলম্বে মোদির পদত্যাগ দাবি করেছেন তিনি। শনিবার পাকিস্তানের শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ এ হুঁশিয়ারি দেন। সোমবার (৬ এপ্রিল) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নাকাশিপাড়ার বেথুয়াডহরীতে একটি নির্বাচনী প্রচারণা থেকে মমতা বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যখন বলেন যে কলকাতাকে টার্গেট করব… তখন প্রধানমন্ত্রী রাজ্যে এসে সেই কথাটা কেন মুখ দিয়ে বললেন না যে ‘উই উইল টেক স্ট্রং অ্যাকশন।’
মমতার প্রশ্ন, ‘উনি (মোদি) চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি? নির্বাচনের আগে আরেকটা পেহেলগাও?’
তদন্তের দাবি জানিয়ে মমতা বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে দিয়ে কে এ কথা বলিয়েছে? কারা বলিয়েছে? এর তদন্ত চাই। আপনি কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেননি? কলকাতাকে টার্গেট করার কথা যদি কেউ বলে আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমরা তা মানব না।

