তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে নিউজিল্যান্ড দলের। এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে সিরিজ খেলতে পিএসএল থেকে গতকাল দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। তবে ফ্র্যাঞ্চাইজির অনুরোধে আরো একটি ম্যাচ খেলে আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে শরীফুল ইসলাম ও নাহিদ রানার।২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য র্যাংকিংয়ের সেরা আট দল সরাসরি অংশ নেবে। বর্তমানে বাংলাদেশ রয়েছে ৯ নম্বরে। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সরাসরি অংশ নেওয়ায়, ৯ নম্বরে থেকেও বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তাই র্যাংকিং ধরে রাখতে নিউজিল্যান্ড সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। এই সিরিজকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখছেন না সাবেক প্রধান নির্বাচক ও বর্তমান টুর্নামেন্ট কমিটির দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল আবেদীন নান্নু।গতকাল সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিউজিল্যান্ড সিরিজ নিয়ে নান্নু বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজকে হালকাভাবে নিলে আমাদের বিপদে পড়তে হতে পারে। সঠিক সময়ে সেরাটা দিতে হবে এবং এই সিরিজ থেকে ইতিবাচক পারফরম্যান্স দরকার, যা ভবিষ্যৎ সিরিজে কাজে লাগবে।’
বাংলাদেশ ইতিমধ্যে ২০২৭ বিশ্বকাপকে লক্ষ্য করে এগোচ্ছে। দল গঠনে বড় কোনো পরিবর্তন আনা হবে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেওয়ার পক্ষে তিনি। তার মতে, একজন খেলোয়াড়কে অন্তত পাঁচ থেকে ছয়টি ইনিংস সুযোগ দেওয়া উচিত, তার পারফরম্যান্স বিচার করার আগে। অল্প সুযোগ দিয়ে বাদ দিলে কোনো খেলোয়াড়ের প্রকৃত সামর্থ্য যাচাই করা সম্ভব নয়। দীর্ঘদিন ধরে ওপেনিংয়ে দুর্বলতা ছিল বাংলাদেশের। তবে সাম্প্রতিক সময়ে সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন সেই ঘাটতি কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন। তবে এখন নতুন করে মিডল অর্ডারে সমস্যা দেখা দিয়েছে। এ বিষয়ে নান্নু বলেন, একটি পরিপূর্ণ দল একদিনে তৈরি হয় না। ধাপে ধাপে উন্নতি করতে হয়। যেখানে ঘাটতি রয়েছে, সেখানে কাজ করে খেলোয়াড়দের গড়ে তোলার দায়িত্ব টিম ম্যানেজমেন্টের।
তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি স্থবির হয়ে থাকা ঘরোয়া লিগ আবার মাঠে ফেরাতে কাজ করছে। আগামী মাসের শুরুতে মাঠে ফিরবে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। প্রতিদিন ছয়টি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। তবে মাঠ সংকটের কারণে বিষয়টি চ্যালেঞ্জিং বলে মনে করছেন নান্নু। তার মতে, সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা করতে হবে জানিয়েছেন তিনি, না হলে এতগুলো ম্যাচ আয়োজন কঠিন হয়ে পড়বে। লিগ আয়োজন নিয়ে আজকের মধ্যে সব বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও গুঞ্জন আছে, এবারের লিগে কোনো রেলিগেশন হবে না। নান্নু জানিয়েছেন, এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে ক্রিকেট বোর্ড।


