জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউড অভিনেতা আমির খান। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এটি আমিরের তৃতীয় বিয়ে।ধর্মীয় রীতির পরিবর্তে আইনি প্রক্রিয়ায়, অর্থাৎ ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয় বিয়ে। কারণ আমির ও গৌরি দুজনে ভিন্ন ধর্মের অনুসারী। এক সাক্ষাৎকারে আমির নিজেই বলেছিলেন যে বাড়িতে খুব সাধারণভাবে রেজিস্ট্রি বিয়ে হবে, শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন।তারকাখ্যাতি নয়, পারিবারিক ঘরোয়া আয়োজন
জমকালো তারকাসমাগমের বদলে একেবারে অন্তরঙ্গ পরিবেশে বিয়ে সারতে চেয়েছেন এই জুটি। অতিথি তালিকা থেকে শুরু করে খাবারের মেনু পর্যন্ত সবকিছু আমির-গৌরি নিজেরাই ঠিক করেছেন এবং তদারকিও করছেন নিজ হাতে। মূলত পরিবার ও সবচেয়ে কাছের মানুষদের নিয়ে দিনটি উদযাপন করাই তাদের লক্ষ্য।
দুই পরিবারের মিলন
গতকালের তথ্য মতে, এই বিয়ের একটি বিশেষত্ব হলো, দুই পরিবারের সন্তানরাই একসঙ্গে অংশ নিচ্ছেন অনুষ্ঠানে। আমিরের আগের দুই সংসারের তিন সন্তান—জুনায়েদ, ইরা ও আজাদ—এর পাশাপাশি গৌরির আগের সংসারের ছেলেও থাকছে। একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমিরের সাবেক দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওকেও অতিথি তালিকায় দেখা যেতে পারে, যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিচ্ছেদের পরও পরিবারের সঙ্গে আমিরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতাতেই এমন সম্ভাবনার কথা বলা হচ্ছে। কিছুদিন আগে আমির, গৌরি, রিনা ও কিরণকে একসঙ্গে একই গাড়িতে দেখা যাওয়ার প্রসঙ্গও আলোচনায় এসেছিল।

