অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, দেশে হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আরও অনেক শিশু ও সাধারণ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নোটিশে অভিযোগ করা হয়, টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে স্থানান্তরের সঙ্গে সংশ্লিষ্ট ‘অবৈধ বা অশুভ কর্মকাণ্ড’ জড়িত থাকতে পারে—এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।

