গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করেছেন এক ছেলে। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা দেড়টার দিকে গাইবান্ধা সদর উপজেলার আনালেরতাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।পরে কবর ভাঙচুরের একটি ভিডিও সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ৪৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বাড়ির পাশে কবরের চারপাশে বাঁশের খুঁটি ও প্লাস্টিকের জাল দিয়ে ঘেরা। কালো প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি পরা এক যুবক কখনো লাঠি দিয়ে, কখনো লাথি মেরে কবরের বেড়া ভাঙচুর করছেন। গালিগালাজ করার শব্দ শোনা যাচ্ছিল। কবরের বেড়া ভাঙচুর করে তছনছ করার পর তিনি শান্ত হন।
স্থানীয়রা জানান, আনালেরতাড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া মারা যাওয়ার আগে তার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দিয়ে যান। তার পাঁচ ছেলে হলেন যথাক্রমে বড় ছেলে জালাল উদ্দিন, দ্বিতীয় ছেলে ইকবাল মিয়া, তৃতীয় ছেলে রেজ্জাক মিয়া, চতুর্থ ছেলে এজাদুল মিয়া এবং সবচেয়ে ছোট ছেলে শাহ আলম মিয়া শালু।জানা যায়, আব্দুল মান্নান মিয়ার কবরটি দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার জায়গার মধ্যে পড়েছে। তবে ছোট ছেলে শাহ আলম মিয়া শালুর অভিযোগ, ইকবাল মিয়াকে জমির ভাগ বেশি দেয়া হয়েছে। এই অভিযোগ তুলে ওই জায়গাটি নিজের বলে দাবি করেন শালু। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি তার বাবার কবরের ওপর উঠে ভাঙচুর চালান।এ বিষয়ে শাহ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
কবর ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হাই। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। ছেলেটি যে ঘটনাটি ঘটিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক।
খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হাক্কানীও এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

