মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানবিরোধী সামরিক অভিযানের ব্যয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর চাপানোর উদ্যোগ নিচ্ছেন বলে আভাস পাওয়া গেছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, চলমান সংঘাতের খরচ বহনে আরব দেশগুলোকে আহ্বান জানাতে পারেন তিনি। এই যুদ্ধের সম্ভাব্য ব্যয় কয়েক হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে।
১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অর্থায়ন করেছিল। এবারও তেমন উদ্যোগ নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘এটি এমন একটি বিষয়, যার প্রতি প্রেসিডেন্টের যথেষ্ট আগ্রহ রয়েছে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে আহ্বান জানাতে পারেন।’ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর প্রভাবেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ট্রাম্প প্রশাসন এই সংঘাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্ত করা এবং তাদের কাছ থেকে ব্যয় আদায়ের কৌশল নিয়ে এগোচ্ছে। তবে এ বিষয়ে আরব নেতারা এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
লেভিট আরও বলেন, ‘আমি প্রেসিডেন্টের পক্ষ থেকে নির্দিষ্টভাবে কিছু বলতে চাই না। তবে এটি নিঃসন্দেহে একটি ধারণা, যা তিনি বিবেচনা করছেন এবং ভবিষ্যতে এ বিষয়ে তার বক্তব্য আরও স্পষ্ট হতে পারে।’

