ইউক্রেনের আকাশে পরিচিতি পাওয়া ইরানের ডেল্টা-উইং Shahed-136 ড্রোন এখন উপসাগরীয় অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত ৪৮ ঘণ্টায় বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন স্থানে শত শত ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের ওপর ৬৮৯টি ড্রোন হামলা চালানো হয়, যার মধ্যে ৬৪৫টি ভূপাতিত করা হয়েছে। তবে কিছু ড্রোন প্রতিরক্ষা ভেদ করে ভেতরে ঢুকে ক্ষয়ক্ষতি ঘটায়।
প্রায় সাড়ে ৩ মিটার দীর্ঘ এই ড্রোনগুলো প্রায় ৫০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় কম খরচে তৈরি হওয়ায় দীর্ঘমেয়াদী সংঘাতে এগুলো কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ড্রোনগুলোর পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং নিচু দিয়ে উড়ে রাডার ফাঁকি দিতে সক্ষম। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহারের পর এগুলো বিশ্বব্যাপী পরিচিতি পায়।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক চাপ সৃষ্টি ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্যবস্তু করতে ইরান এই কৌশল ব্যবহার করছে।

