আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজকদের আকৃষ্ট করতে বড় পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটিতে শুটিং করা আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণে এখন থেকে যোগ্য স্থানীয় ব্যয়ের ৬০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় বা ক্যাশ রিবেট দেওয়া হবে। এই ঘোষণার মধ্য দিয়ে বৈশ্বিক চলচ্চিত্র প্রণোদনার মানচিত্রে সৌদি আরব এখন শীর্ষ অবস্থানে উঠে এল। শুক্রবার কান চলচ্চিত্র উৎসবে সৌদি ফিল্ম কমিশন এই নতুন প্রণোদনা কার্যক্রম ঘোষণা করে।কান উৎসবের মার্শে দু ফিল্ম সেশনে এই পরিকল্পনা উন্মোচন করেন কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন নাসের আল-কাহতানি। পরিমার্জিত প্রণোদনা কার্যক্রমে শুধু রিবেটের হার বাড়ানো হয়নি, একই সঙ্গে অর্থ ছাড়ের প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে এবং রাষ্ট্রীয় সংস্থা কালচারাল ডেভেলপমেন্ট ফান্ডের সঙ্গে অংশীদারিত্বে নতুন একটি অর্থায়ন প্যাকেজও চালু করা হয়েছে। এই ফান্ড সৌদি সাংস্কৃতিক খাতে রাষ্ট্রীয় মূলধন সরবরাহের মূল মাধ্যম হিসেবে কাজ করে।
কমিশন জানিয়েছে, এই পরিবর্তনগুলো মূলত প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর জন্য পরিচালন পরিবেশ সহজ করা এবং শুটিং চক্রজুড়ে নগদ অর্থপ্রবাহের পূর্বাভাসযোগ্যতা বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। সৌদি আরবের চলচ্চিত্র সহায়তা কার্যক্রম নিয়ে বৈশ্বিক প্রযোজকদের যেসব অভিযোগ আগে উঠেছিল, এই সংস্কারগুলো সেগুলোরই জবাব বলে মনে করা হচ্ছে।
এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন সৌদি পর্যটন ও আতিথেয়তা খাত চাপের মুখে রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার ২০২৬ সালের যুদ্ধ উপসাগরীয় অঞ্চলজুড়ে বিমান চলাচল এবং আন্তর্জাতিক পর্যটনে বড় ধাক্কা দিয়েছে। ২০১৯ সালে পর্যটকদের জন্য দরজা খোলার পর থেকে সৌদি আরব তার প্রতিবেশীদের তুলনায় সবচেয়ে দ্রুত গতিতে আন্তর্জাতিক পর্যটন বাড়াচ্ছিল; তবে এই মন্দার ধাক্কায় তারাই এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।এই প্রেক্ষাপটে চলচ্চিত্র খাতে নতুন রাষ্ট্রীয় অর্থায়ন কেন্দ্রীভূত করে রিয়াদ স্পষ্ট বার্তা দিচ্ছে যে, আঞ্চলিক প্রতিকূলতার মধ্যেও দেশটি তার কনটেন্ট নির্মাণ অবকাঠামো গড়ে তোলার পথে অবিচল থাকবে। চলচ্চিত্র হলো যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ অর্থনৈতিক বৈচিত্র্যায়ন পরিকল্পনার অন্যতম সাংস্কৃতিক স্তম্ভ। তবে এই মুহূর্তে আন্তর্জাতিক প্রযোজকরা মধ্যপ্রাচ্যে শুটিং করার বিষয়টি আগের চেয়ে অনেক বেশি সতর্কতার সঙ্গে বিবেচনা করছেন।
৬০ শতাংশের এই সীমা সৌদি আরবকে বৈশ্বিক চলচ্চিত্র প্রণোদনার একেবারে শীর্ষে নিয়ে গেছে। ইউরোপের প্রধান জাতীয় রিবেট সাধারণত ২৫ থেকে ৪০ শতাংশের মধ্যে থাকে। থাইল্যান্ডের সংশোধিত প্রকল্প এবং অস্ট্রেলিয়ার সম্প্রসারিত লোকেশন অফসেটসহ এশিয়া-প্যাসিফিকের সবচেয়ে আগ্রাসী কার্যক্রমগুলোর চেয়েও সৌদি প্রণোদনার হার এখন অনেক বেশি। তবে আন্তর্জাতিক প্রযোজকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি থেকে গেছে, সেটি হলো এই কার্যক্রমে মোট বাজেট এবং বার্ষিক ঊর্ধ্বসীমা কতটুকু। সৌদি ফিল্ম কমিশন এই দুটি তথ্য এখনো প্রকাশ করেনি, যা নতুন কার্যক্রমটি আসলে কতটা কার্যকর, তা যাচাই করতে আগ্রহী প্রযোজকদের জন্য একটি অনিশ্চয়তাই রয়ে গেছে।

