শিক্ষকদের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকরা ক্লাসে ঠিকভাবে পড়ান কি না, তা তিনি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করবেন।

গতকাল শনিবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) অডিটরিয়ামে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডগুলোর সচিবদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উত্তরপত্রে যতটুকু লিখবে, তার ভিত্তিতেই নম্বর দিতে হবে।কেউ কেউ ভাড়া করা লোক দিয়ে খাতা দেখায় বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে তিনি স্যাম্পলিংয়ের মাধ্যমে যাচাই করবেন বলে জানান।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের দুশ্চিন্তার কিছু নেই। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন না হলে তবেই পদত্যাগের প্রশ্ন আসবে।গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তিনি।
আসন্ন পরীক্ষায় যাতে লোডশেডিং না হয় সে বিষয়ে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। নব প্রতিরোধে প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা চালুর ওপর জোর দেন তিনি।

এর আগে সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ভালোভাবে পড়াশোনা না করলে শিক্ষার্থীদের ফলাফল খারাপ হবে।সেখানে তিনি কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, দক্ষ জনশক্তি তৈরিই সরকারের লক্ষ্য।
শিক্ষার্থীরা এ সময় ক্লাস, ল্যাব ও যন্ত্রপাতি সংকটের বিষয় তুলে ধরেন। শিক্ষক সংকট ও অবকাঠামোগত দুর্বলতার কথাও উঠে আসে আলোচনায়। সরকার এসব সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণ করবে বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

Share.
Leave A Reply

Exit mobile version