গাজী আশরাফ হোসেনের অধ্যায় শেষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়ে গতকাল প্রথমবার দল ঘোষণা করেন হাবিবুল বাশার। ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য যে ১৫ জনের নাম জানান তিনি, সেখানে অবশ্য একটিও পরিবর্তন নেই। অর্থাৎ সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে গাজী আশরাফের দেওয়া দলের খেলোয়াড়রাই সুযোগ পেয়েছেন।পরিবর্তন বলতে শুধু দল দেওয়ার প্রক্রিয়া। অনলাইনে জানিয়ে দেওয়ার চিরাচরিত রীতি ভেঙে গতকাল নির্বাচন প্যানেলের অন্য তিন সদস্যকে নিয়ে সংবাদ সম্মেলন করেন বাশার। সেখানে দলে পরিবর্তন না আনার কারণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আগামী বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা শোনান তিনি।
এক প্রশ্নের জবাবে বাশার বলেন, ‘গত সিরিজে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে।সফল একটি সিরিজ ছিল। সেখানে কিছু খেলোয়াড় একাদশে সুযোগ পাননি, কেউ কেউ নতুন এসেছিলেন গত সিরিজে। আমরা যে প্রক্রিয়া তৈরি করেছি, তাতে কেউ এলে যেন পর্যাপ্ত সুযোগ পায়। কাউকে সুযোগ না দিয়ে আমরা দল থেকে বাদ দেওয়ার পক্ষে নই।ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই। সে কারণেই একই দল রাখা হয়েছে।’ প্রশ্ন উঠেছিল ওপেনার সাইফ হাসান এবং মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনকে নিয়ে। পাকিস্তান সিরিজে ধারাবাহিকতা দেখাতে পারেননি সাইফ। তিন ম্যাচে মাত্র ৫২ রান করেন তিনি।দীর্ঘদিন পর ওই সিরিজে ডাক পেয়ে আস্থার প্রতিদান দিতে পারেননি আফিফও। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নামেননি, পরের দুই ম্যাচে ১৪ ও ৫ রানে অপরাজিত থাকেন। নির্বাচকদের আতশি কাচের নিচে থাকলেও আরেকটি সুযোগ পেয়েছেন দুজনই। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় দল গোছাতে এখন খুব বেশি পরিবর্তনের পক্ষেও নন বাশার, ‘বিশ্বকাপের আগে আমরা বড় কোনো পরিবর্তন করব না। কাউকে যদি দেখতে হয়, আগামী মাসের মধ্যে দেখে নেব। বিশ্বকাপের সময় নতুন কাউকে দেখতে চাই না, যদি না চোটসংক্রান্ত সমস্যা থাকে। বিশ্বকাপের আগে কোনো পরীক্ষা-নিরীক্ষায় যেতে চাই না।’তবে বিশ্বকাপের জন্য দল গোছালেও আসন্ন সিরিজে খুব বেশি পরীক্ষায় পড়তে হবে না বাংলাদেশকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যস্ততার কারণে কিউই তারকা ক্রিকেটারদের বেশির ভাগই এই সফরে আসবেন না। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়ে মূল দলের বাইরের ক্রিকেটারদের পরীক্ষা করে দেখা যেত কি না—এমন প্রশ্নও উঠেছে। তবে যেহেতু সরাসরি বিশ্বকাপে অংশ নিতে পয়েন্টের হিসাব কষতে হচ্ছে বাংলাদেশকে, এ জন্য পরীক্ষিতদের ওপরই আস্থা রাখছেন নির্বাচকরা। একই সঙ্গে মূল দলের বাইরে থাকা খেলোয়াড়রাও খুব বেশি পিছিয়ে নেই বলেই দাবি বাশারের, ‘আমাদের বাইরে যারা আছে, তারাও বেশ ভালো। তুলনা করলে খুব বেশি পার্থক্য খুঁজে পাবেন না। যারা দলের বাইরে, তারা যথেষ্ট অভিজ্ঞ। নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্যই পরীক্ষা করে দেখা যেত। তবে বিশ্বকাপে সরাসরি খেলার একটি বিষয় আছে, পয়েন্টের ব্যাপার আছে। সেটি নিশ্চিত করে পূর্ণ পয়েন্ট পেলে পরের সিরিজে একটু নির্ভার থাকা যাবে। তখন এগুলো ধীরে ধীরে দেখা যাবে।’ এই ১৫ জনের বাইরের খেলোয়াড়রাও প্রধান নির্বাচকের ভাবনায় আছেন, ‘দল দিয়েই দায়িত্ব শেষ হয় না। কাউকে কেন বাদ দেওয়া হলো, সেটার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। শুধু ১৫ জন নিয়ে চিন্তা করলে হবে না। আমাদের ভাবনা ২৫-৩০ জনকে নিয়ে। তাদের আত্মবিশ্বাসী রাখা, এটাও আমাদের কাজ।’
সর্বশেষ:
- পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদপুরে যুবক খুন
- বিদ্যালয়ের শৌচাগারে ছাত্রী, ছুটির ঘণ্টার পর
- ৭ গোলের থ্রিলারে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন
- বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা
- আসল রাজনীতিটা বুঝতে শিখলাম পরে: প্রিয়াঙ্কা চোপড়া
- আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী
- মহানবী (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন চান এমপি হানজালা
- সন্ধ্যায় সাবেক অধিনায়কদের ক্যাপ্টেনস কার্ড দেবে বিসিবি
১৮ এপ্রিল, ২০২৬
|
অপরাহ্ণ ০৭:৩৬, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ


