দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও বর্তমানে পাকিস্তান ও আফগান তালেবানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের বিরুদ্ধে ‘স্ট্র্যাটেজিক ডেপথ’ নীতির অংশ হিসেবে ১৯৯০-এর দশকে তালেবান গঠনে পাকিস্তানের ভূমিকা থাকলেও এখন সেই সম্পর্ক ভেঙে পড়েছে। সোমবার (১৬ মার্চ) রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলা এই উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। তালেবান কর্তৃপক্ষের দাবি, একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে চালানো ওই হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে, যদিও পাকিস্তান বলছে তারা সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালিয়েছে।
বর্তমান সংকটের মূল কারণ হিসেবে উঠে এসেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যু। ইসলামাবাদের অভিযোগ, টিটিপির সদস্যরা আফগানিস্তানে আশ্রয় নিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে, পাকিস্তান তাদের শত্রু গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে। ফলে দুই দেশের মধ্যে অবিশ্বাস বাড়ছে এবং সীমান্তজুড়ে হামলা-পাল্টা হামলার ঘটনা নিয়মিত হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘাত আরও তীব্র হতে পারে। পাকিস্তান তার সামরিক অভিযান জোরদার করতে পারে, অন্যদিকে তালেবান সীমান্ত এলাকায় গেরিলা হামলা বাড়াতে পারে। এতে দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার সংঘর্ষের ঝুঁকি বাড়ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।


