জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন তার দুই ভাই। লিভার ফেইলিউর হয়ে গুরুতর অসুস্থ কারিনাকে বর্তমানে ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সেখানে তার দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদের রক্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে একজন লিভার ডোনেট করবেন।
সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। কায়সার হামিদ জানান, এয়ার অ্যাম্বুলেন্সে কারিনার সঙ্গে সফরসঙ্গী হিসেবে গেছেন তার মা লোপা কায়সার। আর বোনের সম্ভাব্য লিভার দাতা হিসেবে সাথে রয়েছেন দুই ভাই মোস্তফা ও সাদাত। বর্তমানে চেন্নাইয়ের হাসপাতালে কারিনার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।
মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, ‘সবাই দোয়া করবেন, গত রাতে উন্নত চিকিৎসার জন্য আমার মেয়েকে দেশের বাইরে নেওয়া হয়েছে। আমি আপাতত দেশে রয়েছি কিছু জরুরি কাজ গুছিয়ে নিতে এবং চিকিৎসার বিশাল ব্যয়ভার মেটানোর জন্য অর্থের জোগাড় করতে। তবে পরিবারের বাকিরা কারিনার পাশেই আছে।’

