সুহান চৌধুরী, বানিয়াচং (হবিগঞ্জ):
দাঙ্গা-মাদক প্রতিরোধে কঠোর পদক্ষেপের তাগিদ এমপি জীবনের
হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা, মাদক নির্মূল ও অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহরাব হোসেন সভাপতিত্ব করেন। সভায় আইন-শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন বানিয়াচংয়ে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে গুরুত্বারোপ করেন। তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে আইন-শৃঙ্খলা কমিটির কার্যক্রম আরও সক্রিয়ভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি মাদক নির্মূল, দাঙ্গা-হাঙ্গামা ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক আহ্বায়ক ও বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসেনসহ বিএনপি নেতৃবৃন্দ, সাবেক জনপ্রতিনিধি, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা প্রতিনিধি এবং ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ ও মাদক প্রতিরোধ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

