আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়ামের প্রতিবেদক অনুসারে বিবৃতিতে বলা হয়েছে, ‘তদন্ত এবং ইলেকট্রনিক মনিটরিংয়ে দেখা গেছে যে বিবাদীরা তিনটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন অপরাধ করেছে। এর মধ্যে ছিল বর্তমান ঘটনার সাথে সম্পর্কিত আসল ক্লিপ প্রকাশ করা, এআই ব্যবহার করে বানোয়াট ক্লিপ তৈরি করা এবং সামরিক আগ্রাসন চালানো একটি রাষ্ট্রের প্রশংসা করা ও তার নেতৃত্ব ও সামরিক কর্মকাণ্ডের গুণগান গাওয়া।’
১০ জন অভিযুক্তের প্রথম দলে রয়েছেন পাঁচজন ভারতীয়, একজন পাকিস্তানি, একজন নেপালি, দুইজন ফিলিপিনো এবং একজন মিসরীয়। তারা দেশটির আকাশসীমায় পিও চলাচল ও তা প্রতিহত করার বা এর প্রভাবের আসল ভিডিও ক্লিপ প্রকাশ ও প্রচার করেছিলেন। তারা এই ঘটনাগুলো পর্যবেক্ষণকারী মানুষের জটলাও ভিডিও করেছিলেন এবং তাতে এমন মন্তব্য ও সাউন্ড এফেক্ট যুক্ত করেছিলেন যা সক্রিয় আগ্রাসনের ইঙ্গিত দেয়, যার ফলে জনসাধারণের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ধরনের ফুটেজ প্রতিরক্ষা সক্ষমতাকে উন্মুক্ত করার ঝুঁকি তৈরি করেছে এবং শত্রুপক্ষকে বিভ্রান্তিকর বর্ণনা প্রচারের সুযোগ করে দিয়েছে।’
সাত সদস্যের দ্বিতীয় দলে পাঁচ ভারতীয় এবং নেপাল ও বাংলাদেশের একজন করে নাগরিক রয়েছেন। তারা এআই ব্যবহার করে তৈরি করা বানোয়াট দৃশ্য বা দেশের বাইরের ঘটনার ফুটেজ পুনরায় প্রচার করে দাবি করেছিলেন যে সেগুলো সংযুক্ত আরব আমিরাতের ভেতরে ঘটেছে। এই ক্লিপগুলোতে বিস্ফোরণ এবং ক্ষেপণাস্ত্রের কৃত্রিম দৃশ্য ছিল এবং প্রায়ই মিথ্যা দাবিগুলোকে বিশ্বাসযোগ্য করতে এবং জনগণকে বিভ্রান্ত করতে জাতীয় পতাকা বা নির্দিষ্ট তারিখ ব্যবহার করা হয়েছিল।
ছয় সদস্যের তৃতীয় দলে পাঁচ ভারতীয় এবং এক পাকিস্তানি রয়েছেন। তাদের বিরুদ্ধে ‘একটি শত্রু রাষ্ট্রকে (ইরান) এবং তার রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে মহিমান্বিত করা এবং তাদের আঞ্চলিক সামরিক আগ্রাসনকে সাফল্য হিসেবে প্রচার করার’ অভিযোগ আনা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি ওই রাষ্ট্রের নেতাদের প্রশংসা করা এবং প্রোপাগান্ডা প্রচারের সাথে জড়িত যা শত্রুপক্ষের মিডিয়ার কাজে লাগে এবং জাতীয় স্বার্থের ক্ষতি করে।
এ ছাড়াও অন্য দুই ভারতীয় নাগরিকও একই ধরনের অপরাধের জন্য অভিযোগের সম্মুখীন হয়েছেন। শনিবার ওয়ামের এক প্রতিবেদনে জানানো হয়, ১০ জন আসামিকে জিজ্ঞাসাবাদের পর পাবলিক প্রসিকিউশন তাদের রিমান্ডের নির্দেশ দিয়েছে। অ্যাটর্নি জেনারেল আল শামসি বলেছেন, এই ব্যক্তিরা এআই-জেনারেটেড বানোয়াট ফুটেজ প্রচার করেছেন যা মিথ্যাভাবে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ, বিশিষ্ট স্থাপনায় হামলা বা ধোঁয়া ওঠা বড় আগুনের ইঙ্গিত দেয়।

