দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশের কাছে আটক নারী-শিশুসহ ৩৩ জনকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
রোববার বিকেলে বেনাপোল নোম্যান্সল্যান্ডে ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়। বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্ত্তজা আলী বলেন, ভারতে আটক নারী-শিশুসহ ৩৩ জনকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ হস্তান্তর করেছে। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন বলেন, ইমিগ্রেশন থেকে দেওয়া ৩৩ জনকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিকট হস্তান্তর করা হয়েছে। জাস্টিস অ্যান্ড কেয়ারের অফিসার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের মধ্যে ৪ জন শিশু, ৪ জন নারী ও ২৫ জন পুরুষ। বেনাপোল ইমিগ্রেশন ও পোর্ট থানার কার্যক্রম সম্পন্ন শেষে বেনাপোল থেকেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

