মায়ের দাবি ছিল, জুলাই অভ্যুত্থান চলাকালে তার ছেলেকে গুলি করা হয়েছে। তিনি বিচার চেয়ে একটি মামলাও করেছিলেন। কিন্তু তদন্তে বেরিয়ে এসেছে, এই দাবি পুরোপুরি মিথ্যা। ব্যক্তিগত আক্রোশ মেটাতে সাজানো হয়েছিল এই মামলা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক তদন্তে দেখা গেছে, দশম শ্রেণির ওই শিক্ষার্থীর গায়ে কোনো গুলি লাগেনি। সিলেটের কোম্পানীগঞ্জে স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার এই মামলা করেছিলেন তার মা। অথচ তদন্তে জানা যায়, অন্য একটি জায়গায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল ছেলেটি।
আরেকটি মামলায় এক জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে। মামলায় দাবি করা হয়, অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরা এলাকায় ২০ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। কিন্তু পিবিআইয়ের তদন্তে দেখা যায়, তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন।
এগুলো শুধু বিচ্ছিন্ন দুটি ঘটনা নয়। জুলাই গণঅভ্যুত্থানের পর সারা দেশের আদালতে হওয়া ১৯৫টি সিআর (কমপ্লেইন্ট রেজিস্টার) মামলার তদন্ত করতে গিয়ে অন্তত ১৪টি ভুয়া মামলার প্রমাণ পেয়েছে পিবিআই।

