অনৈতিক কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দল থেকে বহিষ্কার করা হলো বিএনপি নেতাকে,
নেত্রকোণার কেন্দুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে গড়াডোবা ইউনিয়নের দামিনা মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
আটক মোঃ জিল্লুর রহমান (৪৪) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
ডিএনসি জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোনসহ মোট জব্দকৃত আলামতের মূল্য প্রায় ১৩ লাখ ৬৪ হাজার টাকা।
নেত্রকোণা ডিএনসির সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের পর আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং বিষয়টি কেন্দুয়া থানায় প্রক্রিয়াধীন রয়েছে।

