ঢাকার মেট্রোরেল প্রকল্পে ৫ হাজার কোটি রুপির কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি
ঢাকায় মেট্রোরেল লাইন-১ প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ প্যাকেজের নির্মাণকাজ পেয়েছে ভারতের অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। ভারতীয় মুদ্রায় ৫ হাজার কোটি রুপির বেশি মূল্যের এই চুক্তির আওতায় রেললাইন, বিদ্যুৎ সরবরাহ, সংকেতব্যবস্থা, টেলিযোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপন করা হবে। জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্পে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (মেট্রোরেল লাইন-১) দুটি প্যাকেজের নকশা ও নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে এলঅ্যান্ডটির পরিবহন অবকাঠামো বিভাগ।
চুক্তির আওতায় থাকা প্যাকেজ দুটি হলো সিপি০৯ ও সিপি১০। সিপি০৯ প্যাকেজে রেললাইন স্থাপন, বিদ্যুৎ সরবরাহ ও বিতরণব্যবস্থা, ট্র্যাকশন সাবস্টেশন এবং ওভারহেড ক্যাটেনারি ব্যবস্থার নকশা, সরঞ্জাম সংগ্রহ, স্থাপন, পরীক্ষা ও চালুর কাজ করা হবে। এ কাজে জাপানি প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনের সঙ্গে যৌথভাবে কাজ করবে এলঅ্যান্ডটি।
অন্যদিকে সিপি১০ প্যাকেজের আওতায় পুরো নেটওয়ার্কে সংকেতব্যবস্থা, টেলিযোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপন করা হবে। প্রতিষ্ঠানটির ভাষ্য, এই দুটি প্যাকেজ মেট্রোরেল লাইন-১-এর মূল পরিচালনব্যবস্থা গড়ে তুলতে ভূমিকা রাখবে।
প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইন-১ প্রকল্পে দুটি রুট রয়েছে। এর একটি কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিমানবন্দর রুট। অন্যটি নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত পূর্বাচল রুট। প্রকল্পটিতে মোট ১৯টি স্টেশন ও পিতলগঞ্জে একটি ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
এর আগে ঢাকার প্রথম মেট্রোরেল করিডর লাইন-৬-এর সমন্বিত রেলব্যবস্থা স্থাপনের কাজও পেয়েছিল এলঅ্যান্ডটি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেই প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে এবং লাইন-৬ বর্তমানে বাণিজ্যিকভাবে চালু রয়েছে।
এলঅ্যান্ডটির পরিবহন অবকাঠামো বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান রামকুমার এস বলেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিট

