সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে তিনি ঘাড়ে ও কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে আইনজীবীদের আবেদনে পলকের এমআরআই করা হয়। এমআরআই প্রতিবেদনে পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটিসহ মোট পাঁচটি হাড় সরে গেছে।
মঙ্গলবার (১২ মে) পলকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী বলেন, ‘প্রিজন দুর্ঘটনার পর আমরা গত ৫ মে সিএমএম কোর্টে তার এমআরআই করার আবেদন করি। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে সাবেক প্রতিমন্ত্রী পলকের এমআরআই করা হয়। আজ আমরা এমআরআই প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদনে দেখা গেছে, পলকের কোমরে ৩টা হাড় যথাক্রমে এল-২, এল-৩ ও এল-৪ সরে গেছে। এ ছাড়া ঘাড়ে ২টি হাড়ে সমস্যা ধরা পড়েছে। এর মধ্যে ঘাড়ের সি ৫-৬ এর ভিতর একটি ও সি ৬-৭ এর ভিতর ডিস্কে সমস্যা দেখা গেছে’। এটা নিয়ে কোনো তদন্ত কমিটিও হয়নি’।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

