সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের উপস্থিতিতে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনাকে ঘিরে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে তারাবির নামাজের পর মাজার এলাকায় দলটির নেতাকর্মীদের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।ভিডিওতে দেখা যায়, সারজিস আলম একের পর এক স্লোগান দিচ্ছেন। তাঁর স্লোগানে কণ্ঠ মেলাচ্ছেন হাজারো মানুষ। এই ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সিলেটজুড়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়।

বৃহস্পতিবার এ বিষয়ে সিলেট জেলা এনসিপির সদস্য-সচিব প্রকৌশলী কামরুল আরিফ এক বিবৃতিতে বলেন, তারাবির নামাজ শেষে মাজার প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে ঘিরে বিপুলসংখ্যক জেন-জি তরুণের উপস্থিতি দেখা যায়। তাদের দেখে অনেকে স্বতঃস্ফূর্তভাবে স্লোগান দিতে শুরু করেন এবং পরে সারজিস আলমও তাতে কণ্ঠ মেলান। তিনি দাবি করেন, এতে মাজারের পবিত্রতা বা মর্যাদাকে কোনোভাবে ক্ষুণ্ন করা হয়নি এবং একটি মহল বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃতভাবে উপস্থাপন করছে।

এদিকে সিলেট জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক মাহবুব আলম ফেসবুকে লিখেছেন, দরগাহ মসজিদের পবিত্র প্রাঙ্গণে পরিকল্পিতভাবে স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করা কোনো রাজনীতি বা শিষ্টাচারের পরিচয় হতে পারে না।

অন্যদিকে নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম মন্তব্য করেন, সুলতানুল বাঙাল হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় অতীতে কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে মাজার এলাকার আদব নষ্ট করেনি।

Share.
Leave A Reply

Exit mobile version