সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অমর ও অম্লান করে ধরে রাখা হবে। যাতে পরবর্তী প্রজন্ম স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারে।মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর আক্রমণের পর সমগ্র দেশে যখন নেতৃত্ব শূন্যতা ও অনিশ্চয়তা বিরাজ করছিল, তখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘স্বাধীনতার ঘোষণা’ প্রদান করেন।সেই স্মৃতিবিজড়িত ‘স্বাধীনতা ঘোষণা’ ইতিহাসের বিষয়বস্তু। অথচ সেটা সেভাবে পালন করা হয় না, সেটা আমরা করতে চাই।”
সংস্কৃতিমন্ত্রী বলেন, মেজর জিয়া ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বিদ্রোহ করে বেরিয়ে এসে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধে নতুন গতি সঞ্চার হয় এবং জনগণের মধ্যে সাহস ও উদ্দীপনা ফিরে আসে। এ লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় কালুরঘাট বেতার কেন্দ্র এবং শহীদ জিয়ার স্মৃতিকে সংরক্ষণ ও উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে।নিতাই রায় চৌধুরী বলেন, স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না। তাই মুক্তিযুদ্ধের স্মৃতি ও বীরত্বগাথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি সর্বজনীন জনযুদ্ধ, যার মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে।
এই স্বাধীনতার পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস ১৯৪৮ সালের ভাষা আন্দোলনের সূচনা, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদের আত্মত্যাগ, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচন। এসব আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় বাঙালি জাতি স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, “আমাদের গুরুত্বপূর্ণ সংগ্রামের অংশ ‘স্বাধীনতা ঘোষণা’, যেটা জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে করেছেন। আবার চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি নির্মমভাবে শহীদ হন। সেটা আমাদের অত্যন্ত দুঃখ, বেদনা এবং শোকের অংশ।


