ক্ষমতা গ্রহণের মাত্র দেড় সপ্তাহের মাথায় আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও যুদ্ধের ধাক্কায় বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে নবনির্বাচিত বিএনপি সরকার।

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত চতুর্থ সপ্তাহে গড়ালে এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনমুখী কর্মসূচিগুলো সচল রাখাই এখন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার সকাল ১০টায় তার কার্যালয়ে এক জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত থাকবেন। এর আগে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব মোকাবিলায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী রয়েছেন। কমিটি ইতিমধ্যে আন্তর্জাতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি বিশ্লেষণে কাজ শুরু করেছে।

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যুদ্ধকে ‘অন্যায় ও আগ্রাসী’ হিসেবে অভিহিত করেছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের যুদ্ধ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে অস্থিরতা তৈরি করে, যা পরোক্ষভাবে সাধারণ মানুষের ওপর বোঝা হয়ে চাপে। বিশেষ করে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল হওয়ায় পরিবহন ও নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version