ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার আসন্ন বৈঠক নিয়ে কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প আশা করছেন, বৈঠকের আগেই চীন হরমুজ প্রণালি আবার চালু করতে সহায়তা করবে। ট্রাম্পের ভাষায়, চীন তাদের প্রায় ৯০ শতাংশ তেল সংগ্রহে এই হরমুজ প্রণালি ব্যবহার করে থাকে। চলতি মাসের শেষ দিকে, মার্চেই বেইজিংয়ে ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্টের এই বৈঠক হওয়ার কথা। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এই বৈঠকের আগেই এ বিষয়ে চীনের তরফ থেকে কোনো পদক্ষেপ দেখতে চান। তার মতে, দুই সপ্তাহ অনেক দীর্ঘ সময়।

তিনি আরও জানান, এই সফর পিছিয়েও যেতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের কাছে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান এমন সময়ে এলো, যখন তেহরানের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় বেইজিংয়ের হয়তো নিজেদের তেলবাহী জাহাজ পার করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো জোটের প্রয়োজন নাও হতে পারে। ভারতও জানিয়েছে, তেহরানের সঙ্গে এক সমঝোতার মাধ্যমে তাদের দু’টি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুমতি পেয়েছে।

এর আগে ট্রাম্প হরমুজ প্রণালিকে ইরানের হুমকি থেকে রক্ষা করতে ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়াকে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান করেন। তবে ট্রাম্পের এই আহব্বানে কোনো দেশই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। বর্তমানে ওই প্রণালির কাছে বহু দেশের জাহাজ আটকে আছে। আর এতে করে বিশ্বজুড়ে জ্বালানি সংকট শুরু হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version