ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক বাণিজ্য পরিবেশ ফিরিয়ে আনা, ভিসা সহজ করা এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে হবে। বাংলাদেশের অবস্থান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ঘিরে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ সম্প্রসারণের বড় সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে সাম্প্রতিক বাণিজ্যিক বিধিনিষেধ, ভিসা জটিলতা এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়। নিয়মিত ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা চালুর প্রয়োজনীয়তার কথা বলেন মন্ত্রী।
এদিকে অবকাঠামো ও উচ্চপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে দুটি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে সিআইআই। সেমিকন্ডাক্টর, গ্রিন হাইড্রোজেন, ব্যাটারি স্টোরেজ ও ডাটা সেন্টারের মতো খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহও জানায় সংগঠনটি।
স্থানীয় উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানো, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তিতে শুল্ক সুবিধা এবং তরুণদের ইন্টার্নশিপের সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষই ব্যবসায়ী পর্যায়ের সম্পৃক্ততার মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেয়।


