রাঙ্গামাটির কাউখালী উপজেলায় দীর্ঘ ১৮ বছর পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি আবু তাহের প্রকাশ আবুইয়া। মঙ্গলবার (৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাঙ্গামাটির আদালত থেকে সাজাপ্রাপ্ত হওয়ার পর গ্রেপ্তার এড়ানোর জন্য প্রবাসে চলে যায় আবু তাহের। প্রবাস থেকে ফিরে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন তিনি। অবশেষে দীর্ঘ ১৮ বছর পর উক্ত তার খোঁজ পায় কাউখালী থানা পুলিশ। গ্রেপ্তারের পরে তাকে রাঙ্গামাটির আদালতে সোপর্দ করা হয়। পুলিশের একটি সূত্র জানায়, ২০০৪ সালের একটি বন আইনের মামলায় আবু তাহেরকে ২০০৮ সালে রাঙ্গামাটির আদালত দেড় বছরের সাজা এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়। আদালত থেকে সাজা হওয়ার সংবাদ পাওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।
কাউখালী থানার অফিসার ইন-চার্জ এনামুল হক চৌধুরী জানিয়েছেন, ‘দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামী আবু তাহেরকে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তির হাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে।’ গ্রেপ্তারকৃত আসামি আবু তাহের কাউখালী উপজেলার বেতবুনিয়ার ডলুছড়ি এলাকার নুরুল আমিনের সন্তান।


