দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে রূপগঞ্জে এক প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে রডসহ বিভিন্ন সামগ্রী ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বাছেদ মিয়া বহু বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি ও তাঁর পরিবার আগে কুমিল্লায় থাকতেন। নিজ এলাকায় স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে সম্প্রতি তিনি আউখাব এলাকায় জমি কিনে ভবন নির্মাণকাজ শুরু করেন। তাঁর পরিবারের সদস্যরা সেখানে নির্মাণকাজ তদারকি করছিলেন। তাদের কাছে স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত মাসুদুর রহমান মাসুদ, তাঁর বড় ভাই সাদিকুল ইসলাম সাদিক এবং ছোট ভাই মাসুম আহমেদ মাসুমসহ কয়েকজন সহযোগী দুই লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠেছে।

প্রবাসীর স্ত্রী সাদিয়া আফরিন বলেন, আমরা এখানে জমি কিনে বাড়ি নির্মাণ শুরু করার পর থেকেই মাসুদ ও তাঁর সহযোগীরা দুই লাখ টাকা দাবি করে আসছিলেন। জাতীয় নির্বাচনের সময় তারা কোনো ঝামেলা করেনি। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর থেকে টাকার জন্য চাপ দিতে থাকে। আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার বিকেলে তাদের লোকজন এসে ভবন নির্মাণের জন্য আনা রডসহ নির্মাণসামগ্রী অটোরিকশায় তুলে নিয়ে যায়।

তিনি আরও অভিযোগ করেন, বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয় এবং ভয়ভীতি দেখানো হয়। তারা আমাদের অকথ্য ভাষায় গালাগাল করে এবং হুমকি দেয় টাকা না দিলে আমার মেয়েকে তুলে নিয়ে ক্ষতি করবে। আমরা এখন চরম আতঙ্কের মধ্যে আছি। কখন কী হয়, সেই ভয়ে আছি।

Share.
Leave A Reply

Exit mobile version