জুলাই সনদ ও গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২ মার্চ) চট্টগ্রামের একটি বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ ও গণভোটের যে রায়, যার ভিত্তিতে সরকার গঠন করা হয়েছে, সেই রায়কে বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা চলছে।’ তিনি সতর্ক করে বলেন, আদালতকে দলীয়করণ বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহার করা হলে তার পরিণতি ভালো হবে না। এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। বিভাগীয় এই সমাবেশে এনসিপি আহ্বায়ক দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। তিনি বলেন, ‘আমাদের সবাইকে চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করতে হবে। শুধু ঢাকায় নাসিরুদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে আন্দোলন হলে হবে না; চট্টগ্রাম থেকেও দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ তৈরি করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও শাহজাহান চৌধুরী এবং দলের মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।


