১৪ সেপ্টেম্বর, ২০২৬
|
পূর্বাহ্ণ ০১:২৫, ৩০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের ফটক। তপ্ত দুপুরে এক যুবক হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। দুই হাতে পাঁজাকোলা করে ধরা সাদা চাদরে মোড়ানো একটি ছোট্ট শরীর। কোনো অ্যাম্বুলেন্স জোটেনি, তাই শিশুর নিথর শরীর বুকে চেপেই হন্যে হয়ে সিএনজি খুঁজছিলেন তিনি। পাশেই কান্নায় ভেঙে পড়েছেন তিন নারী।

গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে এমন কিছু ছবি ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, চাদরে মোড়ানো ওই নিথর দেহটি তিন বছর বয়সী শিশু সাদমানের। রাজধানীর কামরাঙ্গীরচর থেকে আসা সাদমান হামে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। কিন্তু যাওয়ার বেলায় জোটেনি একটি অ্যাম্বুলেন্স।ওই ছবিতে ফুটে ওঠে অসহায়ত্ব আর চিকিৎসা খাতে সংকটের চিত্র। এ নিয়ে মঙ্গলবার সারাদিন সামাজিক মাধ্যমে মানুষ দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ক্ষোভও প্রকাশ করেন।
সামাজিক মাধ্যমে আমিনুল নামের একজন লিখেন, ‘দেশের প্রকৃত চিত্র মূলত বাবার কোলে শিশু সাদমানের লাশের মতো। সবই আছে ঠিকঠাক, কিন্তু সংকট ফুটে ওঠে মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত মানুষের বিপদের সময়। দেশের চিকিৎসা খাত আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি।’

ফেসবুকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইশরাত জাহান লিখেন, ‘রাষ্ট্র কবে স্বাস্থ্যসেবায় স্বয়ংসম্পূর্ণ হবে? অ্যাম্বুলেন্সের অভাবে কিংবা অর্থাভাবে একজন পিতাকে সন্তানের লাশ কোলে নিয়ে সিএনজি অটোরিকশা খুঁজতে হবে না ঠিক কবে?’
এ বিষয়ে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. আসিফ হায়দার বলেন, সকালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে ওই সময় ব্যস্ততার কারণে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি।আরও ৩ শিশুর মৃত্যু
গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামে এক শিশু ও হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ১২৩ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামে ৩৮ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮৫ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ হাজার ১৬৯ জন। হাম নিশ্চিত হয়েছে ১৮৮টি শিশুর। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু হওয়া শিশুটি ঢাকা বিভাগের। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে বরিশাল ও সিলেট বিভাগে।
সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৯টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৩টি শিশু এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি ৪৪৫টি শিশুই ঢাকা বিভাগের।

Share.
Leave A Reply

Exit mobile version