হাট-বাজারের ইজারাকে কেন্দ্র করে ইজারাদারের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে রাকিবুর রহমান রাজা নামে যুবদলের এক নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে গুরুদাসপুর উপজেলা পরিষদের সামনে প্রকাশ্যে ওই চাঁদা দাবি ও হুমকির ঘটনা ঘটে। শুক্রবার রাতে নৈতিক স্খলনের কারণে জেলা যুবদল রাজা নামের ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তুলাধোনা বাজার থেকে তাকে আটক করেন গুরুদাসপুর থানা পুলিশ।

অভিযুক্ত রাকিবুর রহমান রাজা গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ইজারাদার ওবায়দুল ইসলাম তপুও একই ইউনিয়নের মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি।

এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। তবে ঘটনার পর শুক্রবার চাঁদা দাবি ও হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, গুরুদাসপুর উপজেলা পরিষদের নিচতলায় যুবদল নেতা রাজা গালমন্দ করতে করতে ইজারাদার তপুর দিকে তেড়ে এসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় গুরুদাসপুর থানার ওসি শফিজ্জামানের পাশে চন্দ্রপুর তুলোধুনা হাটের ইজারাদার তপুসহ ৮ থেকে ১০ জন দাঁড়িয়ে ছিলেন। সেখানে উপজেলা পরিষদের বেশকয়জন কর্মকর্তাও ছিলেন। একপর্যায়ে রাজা হাত উঁচিয়ে তপুর দিকে তেড়ে গিয়ে টাকা না দিলে তপুর হাত-পা ভেঙে মাটিতে শুইয়ে ফেলবেন বলে হুমকি দেন।

এ সময় ওসি সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, রোজার দিন, আপনারা এখন চলে যান। গুরুদাসপুর উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গুরুদাসপুরের ছয়টি ইউনিয়নের ১৩টি হাট-বাজার ইজারা দেওয়া হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে দরপত্র উন্মুক্ত করা হয়।

তপু অভিযোগ করে বলেন, ২১ হাজার টাকা সর্বোচ্চ দরে তুলোধুনা হাটটির ইজারা পেয়েছি। দরপত্রে অংশ নেওয়া যুবদল নেতা রাজা ইজারা না পেয়ে বিক্ষুব্ধ হয়ে পড়েন। ওসির সামনেই আমার কাছ থেকে রাজা ৫ লাখ দাবি চাঁদা দাবি করেন। একপর্যায়ে আঙুল উঁচিয়ে হুমকি দিতে দিতে তেড়ে আসেন।

তবে রাজা অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলনে জানান, তপুর কাছ থেকে ব্যাবসায়িক লেনদেনের ৫ লাখ পাওনা আছে তার। ইজারা শেষে তিনি প্রকাশ্যে ওই টাকা চেয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষরা বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান বলেন, প্রকাশ্যে হুমকি প্রদর্শন ও চাঁদা দাবির ঘটনায় তাকে আটক করা হয়েছে এবং তাকে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version