দেশব্যাপী সংক্রামক রোগ হাম ছড়িয়ে পড়ায় শিশুস্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সময়মতো জরুরি চিকিৎসা ও আইসিইউ সুবিধা না পাওয়ায় শিশু মৃত্যুর হার বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ৩৮ জন এবং উপসর্গ নিয়ে ১৮৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত আক্রান্ত ৩ হাজার ৮০৫ জন এবং উপসর্গসহ আক্রান্ত ২৫ হাজার ৯৩৫ জন। এছাড়া ১৭ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নির্ধারিত সময়ে দুই ডোজ টিকা না নেওয়া এবং জরুরি চিকিৎসা সংকট এই পরিস্থিতির প্রধান কারণ। দেশের অধিকাংশ জেলা ও উপজেলা হাসপাতালে আইসিইউ সুবিধা সীমিত বা অচল থাকায় সংকট আরও তীব্র হয়েছে।
ঢাকার সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে গেছে। আইসিইউ শয্যার স্বল্পতার কারণে অনেক শিশুকে অপেক্ষা করতে হচ্ছে, এমনকি সময়মতো চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। অন্যদিকে বেসরকারি হাসপাতালের ব্যয়বহুল চিকিৎসা সাধারণ মানুষের নাগালের বাইরে।
স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা জানান, জনবল সংকট, যন্ত্রপাতির অভাব এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। সরকার জেলা ও উপজেলা পর্যায়ে আইসিইউ চালুর উদ্যোগ নেওয়ার কথা জানালেও দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।


