যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সূত্রপাত ঘটেছে পারিবারিক কবরস্থানকে কেন্দ্র করে। বুধবার বিএনপির সমর্থক আশিক ও জামায়াত সমর্থক সাত্তারের মধ্যে বিবাদ ও মারামারি হয়, যেখানে সাত্তার আহত হন। এ ঘটনায় প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি শের আলী নেতৃত্বে একটি মিছিল বের হয়। আসরের নামাজের পর দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে জামায়াতের মাসুদ কামাল, বুখারী, জাহাঙ্গীর হোসেন ও আহাদ মোল্লা এবং বিএনপির ইকবাল, খালিদ শেখ, ইউসুফ হোসেন, ফোরকানসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

অভয়নগর আর্মি ক্যাম্পের টহল দল এবং থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, পুলিশ ঘটনা তদন্ত করছে। এখনও পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

Exit mobile version