নারায়ণগঞ্জের বন্দরে চাকরির সন্ধানে থাকা এক তরুণীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গ্রেপ্তার রহমত মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দিঘলদারি এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সোনারগা থানার কুতুবপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। তাকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৭ ফেব্রুয়ারী রাতে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল আবাসিক এলাকার একটি পরিত্যক্ত ভবনে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করা হয়। ঘটনার সময় তিনি মদনপুর বাসস্ট্যান্ড থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে অভিযুক্ত ব্যক্তি রিকশা থামিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন সকালে ভুক্তভোগীকে ছেড়ে দেওয়ার পর অভিযুক্ত বিভিন্ন নম্বর থেকে ফোন করে পুনরায় যোগাযোগের চেষ্টা করলে কৌশলে তাকে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ডেকে আনা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ ব্যপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তর আশরাফ উদ্দিন বলেন, থানায় নারী শিশু নির্যাতনের মামলা নেয়া হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version