কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ‘পীর’ শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৬৫)কে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে প্রায় ৩০০ গ্রামবাসী তাঁর আস্তানায় হামলা চালায়, ভাঙচুর ও অগ্নিসংযোগও করে।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো ভিডিওকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে থাকলেও হামলাকারীর সংখ্যা বেশি হওয়ায় তারা পরিস্থিতি সামাল দিতে পারেনি। গুরুতর আহত অবস্থায় শামীমকে হাসপাতালে নেওয়া হলে বিকেলে তাঁর মৃত্যু হয়। হামলায় তাঁর অন্তত ১০ জন অনুসারীও আহত হয়েছেন।
ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ, বিজিবি, র্যাব ও সেনা মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে প্রশাসন।
প্রশাসন ও বিভিন্ন সংগঠন এই ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছে।


