হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর এলাকায় অতিবৃষ্টির কারণে খোয়াই নদীর বাঁধ ভেঙে হাওরে ঢলের পানি প্রবেশ করেছে। এতে শত শত হেক্টর জমির আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধে চাপ সৃষ্টি হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।সুজাতপুরসহ আশপাশের অর্ধশতাধিক গ্রামের ফসলি জমি প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ধান কাটার মাত্র কয়েক দিন আগে এমন পরিস্থিতিতে তারা দিশেহারা হয়ে পড়েছেন। অনেকেই কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছেন। ফলে উৎপাদন ও আয়ে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।এদিকে বানিয়াচংয়ের উত্তরের হাওরের বাঁধ ভেঙে হেক্টরের পর হেক্টর ফসলের জমি তলিয়ে গেছে। আজমিরীগঞ্জ উপজেলাতেও অধিকাংশ জমি এখন পানির নিচে। খলায় পানি উঠে যাওয়ায় কাটা ধান পানির নিচে ডুবে গেছে। এছাড়া জমি থেকে পাকা ধান কাটার পর শুকানোর জন্য খলায় স্তুপ করে রাখলেও সেখানে পানি প্রবেশ করছে। ফসল হারানোর শঙ্কায় কৃষকদের বাড়িতে চলছে মাতম।

কৃষি বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও উজানে বৃষ্টি বাড়লে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, বাঁধ যেভাবে ভেঙেছে তা মেরামত করা দুরুহ। বৃষ্টি ও উজানের পানি প্রবাহ না কমলে বোরো ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version