নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০৯ জন মুক্তিযোদ্ধাকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে তাদের বাতিল করার আবেদন করে নিজেই তালিকা থেকে বাতিল হলেন আলতাফ হোসেন নামের এক ব্যক্তি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকায়) আবেদন করে উল্টো তিনি নিজেই তালিকা থেকে বাতিল হন।

বর্তমানে আলতাফ হোসেন সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১০৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক সারা দেশের ৭৮ জনকে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাতিল করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়। সারা দেশের ৭৮ জন ভুয়া মুক্তিযোদ্ধার মধ্যে সোনারগাঁ উপজেলায় রয়েছেন ৫১ জন। আলতাফ হোসেনের নাম বাতিলের জারিকৃত প্রজ্ঞাপন তালিকায় ৫৪ নম্বরে রয়েছে।

জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর আলতাফ হোসেন নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে জামুকায় ১০৯ জনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা উল্লেখ করে তাদের তালিকা থেকে বাতিলের অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জামুকার প্রতিনিধি দল বিগত ২০২৫ সালের ২৩ নভেম্বর সোনারগাঁ উপজেলায় পরিদর্শনে এসে গণশুনানি করেন। গণশুনানি শেষে মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাই করে আলতাফ হোসেনসহ ৫১ জনকে বাতিলের সুপারিশ করেন।

জামুকার মহাপরিচালক শাহিনা খাতুনের নেতৃত্বে অনুষ্ঠিত গণশুনানিতে অংশ নেন- জামুকার সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান, হাবিবুল্লাহ আলম, মেজর (অব.) ফজলুর রহমান, সাদেক আহমেদ খান, মেজর (অব.) আব্দুস সালাম, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।

গণশুনানি শেষে ওই দিন বিকালে জামুকায় প্রতিনিধি দল সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন।

মুক্তিযোদ্ধাদের বাতিলের আবেদনকারী আলতাফ হোসেন জানান, শতাধিক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আবেদন করার কারণে ক্ষিপ্ত হয়ে তাকে বাতিল করা হয়েছে। তিনি ভারতীয় ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধকালে তিনি কমান্ডার ছিলেন। সব ধরনের প্রমাণপত্র দাখিল করে বিবেচনার জন্য জামুকায় আবেদন করবেন।

Share.
Leave A Reply

Exit mobile version