চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আকতার হোসেন নামে এক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে জুয়েল রানার অটো পার্টসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ হয়ে নিহত আখতার সেখানের একটি দোকানের কর্মচারী। দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় তিনি বের হতে পারেননি এবং আগুনে পুড়ে মারা যান।

ঘটনার পর পুলিশ অটোপার্টসের দোকানের মালিক জুয়েল রানাকে আটক করে কচুয়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। শাহরাস্তি ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

কচুয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন অগ্নিকাণ্ডে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই দোকানের মালিক জুয়েল রানাকে আটক করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version