তারেক রহমান খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পেশাদার খেলোয়াড়দের উচিত রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত না হয়ে ক্রীড়ানৈপুণ্যের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করা। তিনি আশা প্রকাশ করেন, দেশপ্রেম, একাগ্রতা ও টিম স্পিরিট থাকলে খেলোয়াড়দের সাফল্য কেউ থামাতে পারবে না।

তিনি আরও জানান, বর্তমান সময়ে ক্রীড়া শুধু বিনোদন নয়, বরং একটি স্বীকৃত পেশা। সেই লক্ষ্যেই সরকার খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো চালুর উদ্যোগ নিয়েছে, যাতে তারা আর্থিক অনিশ্চয়তা ছাড়াই খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমও শুরু হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে এবং সোনালী ব্যাংকের মাধ্যমে প্রত্যেকের মোবাইলে এক লাখ টাকা করে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননাও দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী আরও বলেন, ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়া হবে। নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালুর কথাও ঘোষণা করেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version