ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার এক বিবৃতিতে খামেনির হত্যাকাণ্ডকে মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নীতির নিষ্ঠুর লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন তিনি।

রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিন খামেনির এই মৃত্যুকে একটি ‘নৃশংস হত্যাকাণ্ড’ অভিহিত করে বলেছেন, এই ঘটনা মানবিক নৈতিকতার সব আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

তাঁর মৃত্যুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও খামেনির পরিবারের সদস্যদের প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিন শোক জানিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার এ তথ্য জানান।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ায় আয়াতুল্লাহ আলি খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে, যিনি রাশিয়া ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড ‘মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ওই মন্তব্য করেছেন তিনি। এ সময় খামেনি হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট। খবর এএফপি।

Share.
Leave A Reply

Exit mobile version